মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে চারজন যুব উদ্যোক্তার মাঝে মোট ৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেক উদ্যোক্তাকে এক লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভূঁইয়া।
দিবসটি উপলক্ষে সকালে আয়োজিত বর্ণাঢ্য যুব র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় যুবক-যুবতীরা অংশ নেন। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য যুবশক্তি গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে জাতীয় উন্নয়নে আরও গতিশীলতা আসবে। যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। এতে বেকারত্ব হ্রাসের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের সৃজনশীল, ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে চারজন যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। প্রত্যেককে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। এ ঋণের অর্থ কাজে লাগিয়ে তাঁরা নিজ নিজ উদ্যোগ সম্প্রসারণ এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণরত ও প্রশিক্ষণপ্রাপ্ত অর্ধশতাধিক যুবক-যুবতী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।