রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের অপর পাশে থাকা কবরস্থান ও কৃষিজমিতে যাতায়াতে নানা সমস্যার কথা তুলে ধরে তাঁরা এ দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাকান্দাইল এলাকার অনেক মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এশিয়ান হাইওয়ে সড়কের অপর পাশে তাঁদের কৃষিজমি রয়েছে। এ ছাড়া ওই পাশে রয়েছে কবরস্থান। কিন্তু সড়ক পারাপারে নিরাপদ ও সহজ ব্যবস্থা না থাকায় তাঁদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তাঁরা বলেন, “আমরা মারা গেলে আমাদের কবর কোথায় দেব? রাস্তার ওপারেই আমাদের কবরস্থান। শুধু কবরস্থান নয়, ওপারে আমাদের কৃষিজমিও রয়েছে। আন্ডারপাস না হলে জমিতে গিয়ে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। কৃষিকাজ করতে না পারলে আমরা খাব কী?”
স্থানীয়দের দাবি, এশিয়ান হাইওয়ে সড়কে একটি আন্ডারপাস নির্মাণ করা হলে তাঁরা সহজে কৃষিজমিতে যাতায়াত করতে পারবেন এবং কবরস্থানেও নির্বিঘ্নে যেতে পারবেন। এতে তাঁদের দৈনন্দিন দুর্ভোগ কমার পাশাপাশি জীবনযাত্রার মানও উন্নত হবে।
তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।