বগুড়া ব্যুরো

বগুড়া মহানগরের চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন সামনে রেখে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় আরও বক্তব্য দেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল, সাংবাদিক নেতা মমিনুর রশীদ শাইন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা।

সভায় চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।