নুরুল আলম সিকদার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের অন্যতম সদস্য আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। তিনি একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার আবদুল করিম কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।
র‌্যাবের প্রাথমিক তথ্যমতে, আবদুল করিম একটি সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেফতার আবদুল করিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।