তাজরিন আক্তার মুন্নি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালসংলগ্ন একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনালের পূর্ব পাশে সীমানাপ্রাচীরের পেছনের ড্রেনে বিশেষ অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করা হয়।

শিবালয় থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়া যায়। উদ্ধার হওয়া এ ধরনের শটগান সাধারণত পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে অস্ত্রটি পুলিশের কি না, কিংবা কে বা কারা সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে এটি। তবে অস্ত্রটির প্রকৃত উৎস ও মালিকানা যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

পাটুরিয়া ফেরিঘাটের মতো গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগকেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধারের ঘটনায় অস্ত্রটির উৎস ও সেখানে ফেলে যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এতে করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।