নিজস্ব প্রতিবেদক :
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো শিল্পাঞ্চল সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
এদিকে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
বিজিবি ব্যাটালিয়ন-৫ এর কমান্ডার লে. কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।