নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। শ্রমিক, মালিকপক্ষ, বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করে যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের আলোচনার ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রকাশ করে হাবিবুর রশিদ বলেন, একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তথ্য রয়েছে। তাঁর দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী ব্যক্তিরা আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিক সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ কাজে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহযোগিতা চান তিনি। নগরীর যেকোনো অসঙ্গতি বা সমস্যা সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।