নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবির তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় দায়িত্ব পালন করছেন ১৩ প্লাটুন সদস্য।
এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি জানায়, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পাশাপাশি নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বিজিবি।