নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। নতুন মজুরি কার্যকর হলে জানুয়ারির বেতনের সঙ্গে তা পাবেন শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী।
গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসনে পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হলো।
বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এর আগে গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠনের পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। পুনর্গঠিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। নতুন এ মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে।