তাহের আহমেদ
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ও ১৫০ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) জামালগঞ্জ থানা পুলিশের অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় মুনছুর আলী (৩৭) নামে এক ব্যক্তিকে। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অপর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় তুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে। তিনি ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
এছাড়া ১ কেজি গাঁজাসহ অজিত সরকার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে।
অন্যদিকে, সিআর-৩১৩ নম্বর মামলায় দণ্ডবিধির ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারায় জারিকৃত গ্রেফতারি পরোয়ানামূলে পিযুষ চন্দ্র শীল (৪৪) ও মুনসুন আলী (৪৮) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার বদরপুর গ্রামে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃত পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।