নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে মীম (২৯) নামে এক নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মীম ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার কাঁঠালতলার বাসিন্দা। তাঁর বাবার নাম কামাল হোসেন। তিনি ইনানীর তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় (রয়েল টিউলিপ) গত এক বছর ধরে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালংয়ের শফিরবিল এলাকায় ছালামতের ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন মীম। গত তিন দিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে বাড়ির মালিক ও স্থানীয়রা কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমকে দেখতে পায় পুলিশ। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, শফিরবিল ছালাত মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে।