নুরুল আলম সিকদার

কক্সবাজারের রামুতে অবস্থিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেছেন জাপান, নেদারল্যান্ড ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা রাংকুট বনাশ্রমের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তীর্থস্থানের আবাসিক প্রধান মহাথেরো কে. শ্রী জ্যোতিসেন ভিক্ষু তাঁদের বিভিন্ন স্থাপনা ও নিদর্শন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি তিনি রাংকুট বনাশ্রমের ইতিহাস, ঐতিহ্য, বৌদ্ধ ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় নিদর্শন। দেশ-বিদেশের পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের কাছে এ তীর্থস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের এ পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে।