তাহের আহমেদ
আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু লেইছের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, মো. মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া, জুলফিকার চৌধুরী রানা, নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবু লেইছ, জেলা যুবদলের সম্মানিত সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত আলী, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্যসচিব আসাদ নুর সাদী, মৎস্যজীবী দলের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রাইমুদ্দীন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকী, ছাত্রদল নেতা আবু সুফিয়ান, ফারভেজ শাকিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনসহ বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কেউ যদি দলকে বিভক্ত করার চেষ্টা করেন, তাহলে তাঁকে বুঝতে হবে, দলের হাইকমান্ড দলকে সুসংগঠিত করতে চায়, বিভক্ত করতে নয়। দলকে আরও শক্তিশালী করতে সবাইকে বিনয়ী হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান বলেন, প্রস্তুতি সভার বিষয়ে তিনি বেশ কিছুদিন ধরে আহ্বায়ক কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঙ্গে আলোচনা করে আসছেন। তবে আজিজুর রহমান তাঁকে জানিয়েছেন, তাঁরা আলাদা কর্মসূচি পালন করতে চান। এটি দলের জন্য অত্যন্ত খারাপ নজির বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভেদ নয়, ঐক্যের বিকল্প নেই। তাই তিনি আবারও সবাইকে একসঙ্গে মিলেমিশে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।