ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৩০ মে) সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি আকরাম শেখ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম ওজনে বিতরণের অভিযোগ তোলেন। এ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মাতুব্বর ও আকরাম শেখের সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। ঘটনার একদিন পর শনিবার সকালে দুই পক্ষ আবারও সংঘবদ্ধ হয়ে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারের পর শনিবার সকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।