আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে সভায় বক্তব্য দেন বক্তারা।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঘাইছড়ির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। সে সময় দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন। পরবর্তী সময়ে তিনি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।