মোঃ আরমান হোসেন, নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও সহযোগী সংগঠনের ০৭ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, চুরি ও তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামি রয়েছেন।
শনিবার (০৭ নভেম্বর) চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মোন্নাফের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মো. মহিবুর রহমান ওরফে ফরহাদ হোসেনকে একটি বিস্ফোরক আইনের মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
এ ছাড়া একই থানার অপর একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মো. মাসুদ রানা, সিফাত হোসেন, মো. সজিব হোসেন, আব্দুর রহমান ওরফে রবিন, মো. এমরান হোসেন এবং আব্দুল মোতালেবকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকা থেকে মোশারফ হোসেন হৃদয়কে একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে জাবেদ হোসেনকে।
এ ছাড়া তিন মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি জান্নাতুল ফেরদাউসকে গ্রেফতার করা হয়।