উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় তাজিমারখোলা খাল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উখিয়া রেঞ্জের থাইংখালি বিটের আওতাধীন তাজিমারখোলা খালে এ অভিযান পরিচালিত হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী আ. কাইয়ুম, ইলিয়াজ, আলী আহম্মেদ, ইসমাইল ও বিটের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাতের আঁধার ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে মেশিনটি থাইংখালি বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়দের মতে, অবৈধভাবে বালু উত্তোলন প্রাকৃতিক পরিবেশ ও খালের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা জরুরি।

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।