গাইবান্ধা প্রতিনিধি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও নির্বাচন প্রক্রিয়া শেষে নির্ধারিত সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) গাইবান্ধা জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মোঃ ফেরদৌস হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ মাহামুদুন নবী টিটুল। এ ছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মোঃ সাহেদ হোসেন, মোছাঃ রেবেকা সুলতানা ও শাকিল আহম্মেদ।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাডভোকেট মোঃ সায়েম মণ্ডল, অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন (জাহাঙ্গীর) ও মোঃ আসাদুল্লাহ্। এ সময় সচিব ও ইউএলও সাইদুর হাসান শাওন উপস্থিত থেকে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রমে অংশ নেন।
এর আগে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে দুর্যোগকালীন উদ্ধার ও সহায়তা কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।