কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া ঘাট এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে সী-বিচ বিওপির একটি আভিযানিক দল রাজারছড়া ঘাট এলাকায় পাকা সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে শিশুপার্ক এলাকা থেকে আসা একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক সেটি ফেলে পালিয়ে যান।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।