মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চঞ্চল মন্ডল, তাঁর স্ত্রী জাহেরা বেগম ও মা হালিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ময়না বেগমের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন বিকেলে বাড়ির পেছনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাঁশ দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে অভিযান চালিয়ে চঞ্চল মন্ডল, তাঁর স্ত্রী জাহেরা বেগম ও মা হালিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম (৪৫) বাদী হয়ে সোমবার (৯ নভেম্বর) হরিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলার নম্বর ০২। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।