নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন -পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গতকাল তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী আজ (বুধবার) জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল মূল অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এর আগে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল স্থানীয় সময় বিকাল ৪টায় তুরস্কের আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আনতালিয়া বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার দেওয়া হয়। আনতালিয়ায় পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী কিছু সময় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গতকাল সকাল সাড়ে ৭টায় দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হয়। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের ভিতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।