মনিরামপুরপ্রতিনিধি:
নতুন বছর শুরু হতে এখনো প্রায় এক মাস ২০ দিন বাকি। নির্ধারিত সময়ের অনেক আগেই যশোরের মনিরামপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বই পৌঁছাতে শুরু করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিগত বছরগুলোতে নতুন বই পাওয়ার জন্য যেখানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো, এবার সেখানে আগেভাগেই বই হাতে পাওয়ার সুবাতাস বইছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর উপজেলার ১১৯টি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম ও নবম শ্রেণির নতুন বই সরবরাহ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৬৯টি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বই পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া ইবতেদায়ি মাদ্রাসার সব বইও ইতোমধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে।
অতীতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব নতুন বই তুলে দেওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করত। তবে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই বই বিতরণের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে সরকারের একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা।