নিজস্ব প্রতিবেদক

সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিবিদরা কীভাবে নিজেদের সুবিধা নেওয়া যায়, তা নিয়েই বেশি ভাবেন; সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবতে চান না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সাধারণ মানুষ মাঠে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিক হলে এ পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তবে তাঁদের অবস্থানের বাইরে দল যেতে পারবে না। সবকিছু নির্ভর করছে তাঁরা কতটা আন্তরিক, তার ওপর।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিয়েও কাজ করার জন্য ককাসের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, এবারের সংসদে সংসদ সদস্যদের মানও বেশ ভালো।

মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে যোগ্য নারী নেত্রী রয়েছেন, যাঁরা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।