মাসুম রেজা, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) গত এক মাসে সীমান্ত ও ব্যাটালিয়ন সদর এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে। এসব অভিযানে ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন প্রকার যৌন উত্তেজক সিরাপ এবং ১৭৩ বোতল মাদকদ্রব্য হিসেবে উল্লেখিত বিভিন্ন ধরনের সিরাপ।
এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৬টি বেলে ও কষ্টিপাথরের বস্তু জব্দ করা হয়েছে, যার মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। জব্দ করা সব মালামালের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।
বিজিবি জানায়, জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।