সরোয়ার আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার খয়রাতী পাড়ায় অবস্থিত হযরত আলী (রা.) নূরানী তালীমূল কোরআন মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, ফাইল, কলম ও কলম বক্স উপহার দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সিরাজ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ হামজা মেম্বার, মাওলানা নূর আহমেদ, এ কে এম বদিউল আলম, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা নজির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামী গজল পরিবেশন ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

একজন অভিভাবক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও দ্বীনি শিক্ষায় আলোকিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের জীবনের পরবর্তী শিক্ষাস্তরে সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।