বরিশাল প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। ওস্তাজুল ক্বোররা মরহুম হাফেজ ক্বারী মো. সাঈদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারিদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আ.জ.ম অহিদুল আলমের সভাপতিত্বে এবং হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান খান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কোরআন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারিদের মধ্যে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মিশরের শায়েখ ক্বারী আবদেল নাসের হারাক, বাংলাদেশের শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, পাকিস্তানের শায়খ ক্বারী আনোয়ারুল হাসান বোখারী, আফগানিস্তানের শায়খ ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের শায়খ ক্বারী ওয়াহীদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার শায়খ ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের শায়খ মুফতি হাফেজ ক্বারী মো. জাকারিয়াসহ স্থানীয় ক্বারী ও হাফেজরা। স্থানীয় ক্বারিদের মধ্যে হাফেজ ক্বারী আবু সালেহ মো. হুসাইন তিলাওয়াত পরিবেশন করেন।
দেশ-বিদেশের ক্বারিদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনতে সম্মেলনে প্রায় ১০ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীর সমাগম ঘটে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে এক আধ্যাত্মিক ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়। নারীদের অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের হলরুমে পৃথক বসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান।
অনুষ্ঠানে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান খান বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় মা-বাবার স্মৃতিকে ধরে রাখতে তাঁদের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশ-বিদেশের সম্মানিত ক্বারিগণ তাঁদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন। তাঁদের এই পুণ্যভূমিতে উপস্থিত করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে ক্বিরাত সম্মেলনের আয়োজন করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ (INTERNATIONAL QIRAT ORGANIZATION BANGLADESH)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সম্মেলন পবিত্র কোরআনের তিলাওয়াত ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নেছারাবাদের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে