তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতা‌ মামলায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত হামজা খান মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

এসব মামলার তদন্তের ধারাবাহিকতায় স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা অভিযান চালিয়ে হামজা খানকে গ্রেপ্তার করেন। অভিযান শেষে তাঁকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে