নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী স্টেশন রোড এলাকায় একটি অটো রাইস মিলের কালো ধোঁয়া ও উড়ে আসা ছাইয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মেসার্স আবুল কালাম অটো রাইস মিলসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, মিলটির ধোঁয়া ও ছাইয়ের কারণে আশপাশের বসতবাড়ি, রাস্তাঘাট ও পরিবেশ দূষিত হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে মিলটি পরিদর্শনে গিয়ে চিমনি দিয়ে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। একই সঙ্গে মিলের ছাই বাতাসে উড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও কার্যকর কোনো প্রতিকার মিলছে না। মিলের ছাই ঘরবাড়ি ও আশপাশের পরিবেশে জমা হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন তারা।

এলাকাবাসীর প্রশ্ন, জনবসতিপূর্ণ এলাকায় মিলটি স্থাপনের আগে পরিবেশগত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না। প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে কি না, থাকলে সেটির শর্ত মেনে কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বক্তব্য জানতে মিলটির মালিক মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সাংবাদিকরা। তবে তিনি এ বিষয়ে কথা বলতে আগ্রহ দেখাননি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতি সেকেন্ডে বিশ সেন্ট করে আমার আয়। অযথা সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই।’

এদিকে, অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা সরেজমিনে মিলটি পরিদর্শন করে পরিবেশগত ছাড়পত্র, চিমনির ধোঁয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং ছাই সংরক্ষণ ও অপসারণ ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পাওয়া জরুরি। তাই জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ দূষণের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।