তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সদর উপজেলার লেমুবাড়ি ও বেতিলা এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর)দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি ও বেতিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে লেমুবাড়ি এলাকার রাজিব এন্টারপ্রাইজকে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল মজুত ও ব্যবসা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বেতিলা এলাকার মেঘবাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা শেষে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও লাইসেন্সবিহীন ব্যবসা জননিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।