মোঃ হাসান আলী

হেমন্তের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করেই প্রকৃতিতে দেখা দিয়েছে আবহাওয়ার বিরূপ আচরণ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। আকস্মিক এই বৃষ্টিতে একদিকে যেমন স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, অন্যদিকে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির রেশ ২১নভেম্বর পর্যন্ত থাকবে এবং এই রেশ কাটলেই জেঁকে বসবে হাড়কাঁপানো শীতের তীব্রতা।

জনজীবনে চরম দুর্ভোগ:
গতকাল রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সরকারি ছুটি হওয়ায় আজ সকাল থেকেই সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের একটি অংশ যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। গণপরিবহন কম থাকায় কোথাও অতিরিক্ত ভাড়ার প্রভাবও পড়েছে আবার নিত্যকার শাকসবজির দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগার প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শহরের প্রধান সড়কের এক রিকশাচালক জানান, “সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন কম। ভাড়া না পাওয়ায় সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে।”

কৃষি ও বাজারদরে প্রভাবের শঙ্কা:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, বর্তমানে মাঠে পাকা আমন ধান কাটার মৌসুম চলছে। পাশাপাশি আলু, টমেটো, ফুলকপি ও শিমসহ বিভিন্ন শীতকালীন শাকসবজির আবাদ শুরু হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান ও আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির উৎপাদন ব্যাহত হয়ে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বাড়বে শীতের দাপট:
আবহাওয়াবিদরা বলছেন, অগ্রহায়ণের এই বৃষ্টি শীতের আগমনকে আরও ত্বরান্বিত করবে। বৃষ্টি থেমে যাওয়ার পরপরই বাতাসের আর্দ্রতা কমে গিয়ে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করবে। ফলে রাত ও ভোরের তাপমাত্রা দ্রুত নিচে নেমে আসবে এবং শীতের অনুভূতি তীব্র হবে। এ ছাড়া বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় আগামী কয়েক দিন ভোরের দিকে নদী অববাহিকা ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ অবস্থায় সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং শীতের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।