এস এম আবদুল বারেক:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। একই সঙ্গে এসব মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পেয়ে পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।
অটোরিকশায় থাকা মালামাল সম্পর্কে চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সেগুলো সামনে থাকা একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের বলে জানান। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শটগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সেটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিলিমিটার ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স এবং ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স।
এ ছাড়া ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন ধরনের দানাদার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি জানিয়েছে, আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।