তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর স্বামীও নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সজীব মিয়া স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সজীবও নিজের গলায় আঘাত করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, স্বামীর জুয়া খেলার অভ্যাস এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।