পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার ৭ নম্বর চন্দনবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

৭ নম্বর চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদুল করিম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে ফজলে সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুল্লাহ আসাদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় চন্দনবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। স্বাধীনতার পর বিএনপি ছাড়া অন্য কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে মো. নুরুজ্জামান বাবুর নেতৃত্বে নয় সদস্যের একটি তথ্য সংগ্রহকারী দল উপকারভোগীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

সভাপতির বক্তব্যে মো. সাজ্জাদুল করিম সাজ্জাদ এ কার্যক্রম চন্দনবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। প্রকৃত তথ্যের ভিত্তিতে যেন এলাকার কোনো দুস্থ ও অসহায় মানুষ এ কর্মসূচির আওতা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।

এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।