ম.ম.রবি ডাকুয়াঃ

শকুনের অস্তিত্ব রক্ষা, নিরাপদ আবাসস্থল ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে তিন দিনের আয়োজন

পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শকুন আজ বিলুপ্তির চরম ঝুঁকিতে। নিরাপদ আবাসস্থলের সংকট, খাদ্যাভাব ও ক্ষতিকর ওষুধের প্রভাবে গত কয়েক দশকে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে এই পাখির সংখ্যা। বিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি এবং নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে এবার সুন্দরবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বন বিভাগ। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এতে সহযোগিতা করছে।

সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা। এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’-এর বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সরকারি ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।

সম্মেলনে শকুনের বর্তমান পরিস্থিতি, মৃত্যুর কারণ, সংরক্ষণ কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্যের ব্যবস্থা, নিরাপদ অঞ্চল গড়ে তোলা, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ। পাশাপাশি দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

বন বিভাগ ও আইইউসিএনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। আইইউসিএনের সর্বশেষ তথ্যে দেশে শকুনের সংখ্যা ২৪৮টি বলে উল্লেখ করা হয়েছে। অথচ চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।

বর্তমানে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ বিভিন্ন এলাকায় এবং সিলেট অঞ্চলে শকুনের দেখা মেলে। সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই পাখির সংখ্যা পুনরুদ্ধার এবং দেশের আকাশে আবারও শকুনের অবাধ বিচরণ নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে ২০১১ সাল থেকে কাজ করছে ‘সেভ’। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এবার প্রথমবারের মতো সুন্দরবনে জাহাজে বসছে এ সম্মেলন।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভ’ কার্যকর ভূমিকা পালন করছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন বাংলাদেশের সংরক্ষণ উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে নতুন সম্ভাবনা তৈরি হবে।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত ‘সেভ’ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ এবং সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে। সুন্দরবনে এবারের সম্মেলন শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।