নুরুল আলম সিকদার
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মো. ইয়াসিন (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি প্রাইভেট কার, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা রঙের প্রোটন সাগা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. ইয়াসিনকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় দুটি সন্দেহভাজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দ্বিতীয় অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন ইমরান ও ইয়াসের। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা, আটক ব্যক্তি ও জব্দ করা অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।