হৃদয় চন্দ্র দাস |

কুমিল্লার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। কুমিল্লার লাকসামে পূর্ণাঙ্গ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ, মনোহরগঞ্জে নতুন স্টেডিয়াম স্থাপন এবং কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

বুধবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ তৈরি করা হবে। লাকসাম ও মনোহরগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যাতে এ অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ পায়।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের বিষয়ে তিনি বলেন, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মানুষকে বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহারে উৎসাহিত করা হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর কখনো সুযোগ দেওয়া হবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি আর নয়। ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাদুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ও প্রটোকলস কমিটির চেয়ারম্যান ইয়াসির মো. ফয়সল আশিক, জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বুধবার সকালে লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মেধাবৃত্তি বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রীর ঘোষিত এসব ক্রীড়া অবকাঠামো বাস্তবায়িত হলে লাকসাম, মনোহরগঞ্জসহ পুরো কুমিল্লা অঞ্চলের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।