নুরুল আলম সিকদার

*ফ্রেন্ডশিপ হাসপাতালে মা ও নবজাতকদের নিবিড় পরিচর্যা*

কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতাল উখিয়ায় (এফএইচইউ) একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। ব্যতিক্রমী এ ঘটনায় হাসপাতালজুড়ে সৃষ্টি হয়েছে বিশেষ আগ্রহ। বর্তমানে নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পরিচর্যায় রেখেছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি ওই নারী ফ্রেন্ডশিপ হাসপাতাল উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম দেন। পুরো প্রসব প্রক্রিয়ায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

জন্মের পরপরই নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাদের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় ফ্রেন্ডশিপ হাসপাতাল উখিয়া দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত মাতৃস্বাস্থ্য ও নবজাতক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

সংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মা ও নবজাতকদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।