মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নদীভাঙনকবলিত ৭ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ লুৎফর রহমান। সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। বাড়ি বাড়ি, হাটে-ঘাটে ও মাঠে-ময়দানে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।
গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন লুৎফর রহমান।
মোঃ লুৎফর রহমান হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-যুববিষয়ক সম্পাদক। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। জনগণের সহযোগিতা পেলে রামকৃষ্ণপুর ইউনিয়নকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্ব দেবেন।
লুৎফর রহমান বলেন, অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই তাঁর মূল উদ্দেশ্য। বিগত দিনগুলোতে রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাংস্কৃতিক আয়োজন ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তাঁর অংশগ্রহণ রয়েছে।