তথ্য প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান সেবায় প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনতে গুগলকে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশকরা চাইলে তাদের লেখা বা তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সেবায় ব্যবহারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলকে এমন ব্যবস্থা করতে হবে যাতে প্রকাশকরা তাদের কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান-সারাংশ তৈরিতে ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সংস্থাটির দাবি, এ ধরনের পদক্ষেপ বিশ্বে প্রথম।

নিয়ন্ত্রক সংস্থার মতে, এর ফলে সংবাদমাধ্যমসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান গুগলের সঙ্গে কনটেন্ট ব্যবহারের চুক্তি নিয়ে আরও শক্ত অবস্থানে আলোচনা করতে পারবে।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন সেবাগুলোর উত্থানে গুগলের অনুসন্ধান ব্যবসা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে এবং অনুসন্ধান ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনছে।

প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে গুগল যে পরিবর্তনের ঘোষণা দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সংস্থাটির প্রধান নির্বাহী সারাহ কার্ডেল বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগলের অনুসন্ধান ব্যবসা নিয়ে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশকদের কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহারের বিষয়েও তাদের নিয়ন্ত্রণের সুযোগ দিতে হবে। পাশাপাশি যারা এ নিয়ন্ত্রণ ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

সব পরিবর্তন বাস্তবায়নের জন্য গুগলকে নয় মাস সময় দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, যুক্তরাজ্যে সীমিত সংখ্যক ওয়েবসাইট মালিকের সঙ্গে নতুন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরে তা বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে। এ ছাড়া গুগলকে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে অনুসন্ধানের তথ্য ব্যবহার করছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে হবে।