ক্রীড়া ডেস্ক;

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের মিশন। এরই মধ্যে একটি কাল্পনিক ফাইনাল নিয়ে কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন স্প্যানিশ দলের এক খেলোয়াড়। আর সেই আলোচনায় কেবল বিশ্বকাপ জয়ের স্বপ্নই নয়। লিওনেল মেসির সঙ্গে দেখা হওয়ার বিশেষ এক আকাঙ্ক্ষাও জড়িয়ে আছে।

স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি জানিয়েছেন, যদি সুযোগ পান তবে আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে জার্সি অদলবদল করতে চান। এবং ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চান তিনি।

এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন ১৯ বছর বয়সী তরুণ এই ফুটবলার। স্পানিশ দলের রক্ষণভাগ সামলাবেন তিনি। বিশ্বকাপের আগে ‌স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রশ্নোত্তর পর্বে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে জার্সি অদলবদল করতে চান?

কোনো দ্বিধা ছাড়াই তিনি জবাব দেন, মেসির সঙ্গে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, বিশ্বকাপ বললেই কোন খেলোয়াড়ের নাম সবার আগে মনে পড়ে, তখনও তিনি মেসির কথাই উল্লেখ করেন।

এরপর বিশ্বকাপের ফাইনালে কোন দলের মুখোমুখি হতে চান? এমন প্রশ্নে কুবারসি নির্দ্বিধায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নামই বেছে নিয়েছেন।

স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হবে কিনা সেটি সময়ই বলে দেবে। তবে যদি এমনটা হয় সেটি ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি করবে তা বলাই যায়।