মাঈন উদ্দিন চৌধুরী
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৭ জুন ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও চুনরুঘাট উপজেলা শাখার সদস্যসচিব কমরেড মজিবুর রহমান ফরিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, কমরেড মজিবুর রহমান ফরিদ গতপরশু ১৫ জুন চুনাঘাটের নিজ বাসভবনে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করলে ঐদিন রাতে চুনারুঘাট থেকে রওনা হয়ে গতকাল ১৬ জুন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিপাল কৃষ্ণ অধিকারীর অধিনে ভর্তি করা হয়। ভর্তির পর সারাদিন বেশ হাসিখুশিভাবে কাটালেও রাতে হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয় এবং আজ ১৭ জুন ২০২৬ বুধবার রাত ২.১০ মিনিটে মৃত্যুবরণ করেন।
তার মরদেহ হাসপাতাল থেকে এম্বুলেন্সে করে ভোর ৪ টায় কমরেড ফরিদের প্রিয় পার্টি অফিস ২৩/২, তোপখানা রোডস্হ বাসদ ভবনের সামনে আনা হয়। সেখানে বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, আব্দুল কুদ্দুস, জনার্দন দত্ত নান্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাইফুল ইসলাম পল্টু, ডা. মনীষা চক্রবর্তী, নব কুমার কর্মকার, জুলফিকার আলী, শফিউর রহমান, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য গোলাম রব্বানী, জয়নাল আবেদীন মুকুল, আল কাদেরী জয়, মাঈনউদ্দিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ জেলা বাসদের সদস্য সচিব শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক সুলতানা আকতার, দপ্তর সম্পাদক অনীক কুমার দাস, প্রচার সম্পাদক হারুন অর রশীদসহ পার্টির নেতা কর্মীরা প্রিয় কমরেডের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তার আগে কমরেড ফরিদের মরদেহ পার্টির রক্ত পতাকা দিয়ে আবৃত করা হয়।
শেষে লাল সালাম জানিয়ে তাঁকে শেষ বিদায় জানান।
কমরেড মজিবুর রহমান ফরিদ, লাল সালাম !