লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত মো. জামাল হোসেনের (৫২) বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন।শুক্রবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।
জামাল হোসেন ইছাপুরা মুন্সি বাড়ির বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) দুপুরে শিশুটি স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে শিশুটির এক ফুফু তাকে নিজের ঘরে নিয়ে যান। একপর্যায়ে তার ফুফু ঘর থেকে বের হয়ে যায়। ওই সুযোগে জামাল নামক ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে জামাল ঘর থেকে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পরে আত্মগোপনে চলে যান জামাল।
শুরু থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শিশুটির মা থানায় মামলা দায়ের করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।