ফেনী জেলা প্রতিনিধি,

পরশুরামে অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, চালক-হেলপার গ্রেফতার
১১৭ বোতল ভারতীয় মদ জব্দসহ অ্যাম্বুলেন্সের চালক জসিম উদ্দিন ও হেলপার মিনহাজুর রহমান গ্রেফতার।
ফেনীর পরশুরামে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১১৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক জসিম উদ্দিন ও হেলপার মিনহাজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ সংলগ্ন ব্রিজের ওপর সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় পুলিশ। এসময় পরশুরামের একটি অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবহনটি জব্দ করে চালকও হেলপারকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) ও পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান (২১)।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রফুল ইসলাম বলেন, ওই অ্যাম্বুলেন্স থেকে ৫টি কাটুনে ভরা ১১৭ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। যার ওজন ৮৭.৭৫ লিটার। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সের মূল্যসহ ১২ লাখ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করে মাদক পাচারের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।