পারভীন আক্তার

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবু সুফিয়ান (লাতু কমিশনার) (৬২) এবং বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইমামুল ইসলাম (লিটন) (৪৫)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন হরি মোহন দাস (৬০), সুজন দাস (২৬), ইউসুফ মিয়া (৪৩), মো. সবুজ (৩৫), মো. মুসা, মো. আজিজ (৩৫) ও মো. রেজাউল করিম।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আবদুল হালিম বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।