যশোর জেলা প্রতিনিধি,

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় যশোর ব্যাটালিয়নেড় (৪৯ বিজিবি) বেনাপোল বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

আটক ব্যক্তি শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের সাহাব উদ্দিন সরদার (৪৪)।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানিয়েছেন, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তিনি সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে সীমান্তবর্তী পুটখালী দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

 

বিজিবির হিসাবে, উদ্ধার করা সোনার বারগুলোর মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।