কক্সবাজার করেসপনডেন্ট

উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সায়েম নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবাল হোসেনের পুত্র।

নিখোঁজ পর্যটকের বন্ধু আরমান জানান, তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় তিনি সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই বিচকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এরপর থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে কাজ চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বেশ কিছু পাথর রয়েছে। এরপরও স্পিডবোট ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।