এসএম আব্দুল্লাহ-
দেশের কৃষি খাতকে টেকসই, লাভজনক ও আধুনিক করতে শুধু বাজেট প্রণয়ন নয়, বরং তার সুষ্ঠু ও জবাবদিহিমূলক বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, উৎপাদন ব্যয় হ্রাস, কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার সংস্কার ছাড়া কৃষি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
শনিবার অনুষ্ঠিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের স্বার্থ রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবমুখী ও কৃষকবান্ধব বাজেট প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক এবং কৃষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রিয় অতিথি হিসেবে বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি কৃষি উন্নয়নে সেচব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং কৃষকবান্ধব নীতির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. মো. আক্তারুজ্জামান খান। তিনি বাজেট ২০২৬-২৭-এ কৃষি খাতের সম্ভাবনা, অর্থায়ন, বাজার ব্যবস্থাপনা, ভর্তুকি, কৃষিঋণ এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তা মোকাবিলায় বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন।
মুখ্য আলোচক হিসেবে দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস. এম. আকাশ বলেন, কৃষি উন্নয়নের ইতিবাচক দিক, কৃষকের সাফল্য এবং নীতিগত সমস্যাগুলো জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
সেমিনারে কৃষিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, কৃষিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে আরও এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর বাজেট বাস্তবায়ন, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।