শাহ জামান সিরাজী
আজ ২৯ জুন ২০২৬, সকাল ১০টায় উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ মাহফিল এক আবেগঘন, মানবিক ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সওয়ার জাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য জনাব সুলতান মাহমুদ চৌধুরী, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ এনামুল হক এবং অভিভাবক প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইদ্রিস। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব সওয়ার জাহান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আজ তোমাদের বিদায় নয়; এটি উচ্চশিক্ষার পথে একটি সাময়িক যাত্রাবিরতি মাত্র। এই বিদায়কে শক্তিতে রূপান্তরিত করে জ্ঞান, সততা ও মানবিকতা দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম বলেন, “জীবনকে আলোকিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। তোমরাই তোমাদের পরিবারের আগামী দিনের আশার আলো, সমাজের ভবিষ্যৎ এবং দেশের সম্পদ। এই সাময়িক বিদায়কে নতুন স্বপ্ন ও নতুন শক্তির সূচনা হিসেবে গ্রহণ করো এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সামনে এগিয়ে যাও।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদায়ের এই মুহূর্তে ছিল আনন্দ, স্বপ্ন, আবেগ ও অশ্রুসিক্ত অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন। কলেজ প্রাঙ্গণ ছেড়ে গেলেও শিক্ষার্থীদের হৃদয়ে শিক্ষক, সহপাঠী ও প্রিয় ক্যাম্পাসের স্মৃতি আজীবন অমলিন হয়ে থাকবে। সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা—সাফল্যের প্রতিটি ধাপ অতিক্রম করে তারা যেন দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারে।