মোঃ মামুন ভুঁইয়া,

​কিশোরগঞ্জের নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কভারবিহীন বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে হাদিস (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৩০ জুন, মঙ্গলবার সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত হাদিস নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াহাটী গ্রামের মোটর মেকানিক মোঃ দেলোয়ার হোসেন ও শাহানা আক্তার দম্পতির পুত্র। পেশাগত জীবনে তিনি একজন বাসের হেলপার ছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন চত্বরে অসাবধানতাবশত একটি কভারবিহীন (উন্মুক্ত) বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন হাদিস। মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জনৈক প্রত্যক্ষদর্শী জানান,
​”হঠাৎ করে কভারবিহীন তারে জড়িয়ে ছেলেটি মাটিতে পড়ে যায়। আমরা গিয়েও তাকে আর বাঁচাতে পারিনি। এভাবে অবহেলার কারণে একটি তাজা প্রাণ চলে যাওয়া মেনে নেওয়া যায় না।”
​তরুণ এই বাস হেলপারের আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবর বানিয়াহাটী গ্রামসহ পুরো নিকলী সদর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা দেলোয়ার হোসেন ও মা শাহানা আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
​স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর কভারবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের দ্রুত সংস্কার এবং যথাযথ তদারকির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন কোনো প্রাণহানি না ঘটে।