ক্রীড়া ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। শক্তির বিচারে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে থাকলেও এই ম্যাচে বড় ধরনের অঘটনের ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন ঘানার এক আলোচিত তান্ত্রিক।
নানা কাওয়াকু বোনসাম নামের এই ওঝা দাবি করেছেন, আর্জেন্টিনাকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কাটবে কেপ ভার্দে।
এদিকে হুট করে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে এই তান্ত্রিকের এমন মন্তব্য রাতারাতি আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য এই টুর্নামেন্টে বোনসামের লাইমলাইটে আসা এবারই প্রথম নয়। এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ বা কালো জাদু করার দাবি করে ব্যাপক শোরগোল ফেলেছিলেন তিনি। কাকতালীয়ভাবে, ঘানার বিপক্ষে সেই ড্র হওয়া ম্যাচে হ্যারি কেইন কোনো গোলই করতে পারেননি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তান্ত্রিকের প্রতি অনেকের মনোযোগ আকর্ষণ করে।
তখন তিনি বলেছিলেন, আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।
সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। আর চলতি বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচেই গোল করতে পারেননি।
ম্যাচ শেষের বাঁশি বাজার পর সেই ওঝা দাবি করেন, আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব। তার সেই কথা মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোল পান কেইন।
হ্যারি কেইনের পর এবার তার নতুন লক্ষ্য লিওনেল মেসির দল। বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিতে কেপ ভার্দের পক্ষে তিনি কোনো অলৌকিক বা গোপন বিদ্যা খাটাবেন কি না, তা নিয়ে ফুটবল অনুরাগী ও নেটিজেনদের মধ্যে চলছে রসাত্মক আলোচনা।
উল্লেখ্য, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে।
তবে মাঠের লড়াইয়ে মেসির আলবিসেলেস্তেরা এই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে পা রাখতে পারে, নাকি সত্যিই কেপ ভার্দে কোনো রূপকথা উপহার দেয়, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।